banganews.net

জামিন পেলেন নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ৷ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । 10 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে । তবে তাঁর মোবাইল নম্বর থানায় জমা রাখতে হবে । আদালত জানিয়েছে, 20 অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের জামিন মঞ্জুর করা হয়েছে । 21 অক্টোবর তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে । কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে 2007 সালে মোট ছ’টি মামলা হয়েছিল ৷ দু’টি মামলা কাঁথি আদালতে এবং চারটি মামলা হলদিয়া আদালতে রয়েছে । এই মামলায় তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল । সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ । 7 অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিলন প্রধান ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন নির্দেশে জানিয়েছেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে । রাজ্য দেখাতে পারেনি যে, 2007 সালের পর একটা মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল কি না । অন্তর্বর্তী জামিন দেওয়া হলেও আদালত জানিয়েছে, এই সময়কালে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে 10টা আর সন্ধে সাড়ে ন’টা থেকে 10.30টায় আইও ফোন করে কংগ্রেস প্রার্থীর সমস্ত খবর নেবেন ৷