banganews.net

বাংলায় জইশ জঙ্গি গ্রেপ্তারির দিনই রাতে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা! শুক্রবার সন্ধ্যায় কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ। ঘটনায় নিহত কমপক্ষে এক শ্রমিক। আরেকজন গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। জানা যাচ্ছে, কুলগামের কেল্লাম গ্রামে এদিন রাতে দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চলছে। এনিয়ে গত ১০ দিনে এটা জঙ্গিদের দ্বিতীয় ‘টার্গেটেড’ হামলা। ভিনরাজ্যের শ্রমিকদের কারা এভাবে টার্গেট করল? জইশের দিকে সন্দেহের তির। মনে করা হচ্ছে, এদিন বাংলায় তাদের সদস্যের গ্রেপ্তারির ‘প্রতিশোধ’ নিতে কাশ্মীরের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালানো হল। পুলিশ যদিও এনিয়ে এখনও মুখ খোলেনি। জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকার কুলগামের কেল্লাম গ্রামে এদিন সন্ধ্যায় দুই শ্রমিককে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। এঁরা দু’জনেই ভিনরাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই তথ্য জানিয়েছে পুলিশ। এই হামলার পরই এলাকা ঘিরে ফেলে অপারেশন শুরু করে যৌথ বাহিনী। হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।