প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই চলছে পুজোর আয়োজন। পুজোর আয়োজন তদারকি করেন তিনি। কালীপুজোয় পুরোদস্তুর ‘ঘরের মেয়ে’ মমতা। আটপৌরে শাড়িতে সেজে দিনভর নিজের হাতে কালীপুজোর আয়োজন করলেন তিনি। ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন, সবই করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাড়ির পুজো বলে কথা, তাই ভোগ রান্না তো হবেই। বিশেষ দিনে গোটা হেঁশেলের দায়িত্বই যেন তাঁর কাঁধে। এদিন ভোগ রান্নাতেও হাত লাগান মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিতের সঙ্গে কথা বলে পুজোর আয়োজন ঠিকঠাক আছে কিনা তাও খতিয়ে দেখেন মমতা। দীপাবলি আলোর উৎসব। গোটা বাড়ি আলোয় মুড়ে ফেলেন সকলেই। এদিন নিজের বাড়িতে প্রদীপ জ্বালালেন মমতা। প্রদীপ হাতে প্রতিমার সামনে প্রার্থনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজনেও হাত লাগান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন নবনীড় বৃদ্ধাবাসের আবাসিকরা। মমতার বাড়ির পুজোয় অংশ নেন তাঁরা। তাঁদের স্বাগত জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির পুজোতে ইন্দ্রনীল সেনের সঙ্গে সুরে সুর মিলিয়ে গান গাইতেও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরিজনদের সঙ্গে দাঁড়িয়ে অঞ্জলি দিলেন মমতা। ছিলেন অভিষেক ঘরনি রুজিরাও। কালীপুজোর যজ্ঞে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

