প্রথম ম্যাচে ২২০ তুলেও হারের পর চেহারাটা বিশেষ বদলায়নি নাইটদের। বৃহস্পতিবাসরীয় ম্যাচেও হোম অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ বলিউড বাদশার দল। সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে কেকেআর গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেননি ফিন অ্যালেন। প্রথম ওভারে ২৪ রান করলেন কিউয়ি তারকা। যদিও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারলেন না তিনি। ৮ বলে ২৭ রান সাজঘরে ফিরলেন হর্ষ দুবের অসাধারণ ক্যাচে। চার ওভারে ৫০ পার হলেও ব্যাট হাতে ব্যর্থ নাইট অধিনায়ক রাহানে। তাঁর সংগ্রহ ১০ বলে মাত্র ৮ রান। এরপর হাস্যকর রান আউটের শিকার ২৫ কোটির অজি তারকা ক্যামেরন গ্রিন। এই ম্যাচেও বল তো করলেনই না। ব্যাট হাতেও ‘দায়িত্ব নিয়ে’ ডোবালেন। ঈশান মালিঙ্গার বলে সোজা মারেন অঙ্গকৃষ রঘুবংশী। পা দিয়ে আটকান মালিঙ্গা। কিন্তু ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন দুই ব্যাটার। রান আউট করেন বোলার। প্রথমে রঘুবংশী সাজঘরের দিকে পা বাড়ালেও দেখা যায় ব্যাটাররা ক্রস করেননি। ফলে আউট হন গ্রিন।

