মঙ্গলবার পঞ্জাব কিংসের হয়ে আবির্ভাবে কুপার কনোলি বোঝালেন আইপিএলেও সাড়া জাগাতে এসেছেন তিনি ৷ অজি ব্যাটিং-অলরাউন্ডারের অপরাজিত 72 রানের ইনিংসে জয় দিয়ে 2026 আইপিএল অভিযান শুরু করল প্রীতি জিন্টার পঞ্জাব ৷ সহজ ম্যাচ খানিকটা কঠিন করে গুজরাত টাইটান্সকে তিন উইকেটে হারাল গতবারের রানার্সরা ৷ 19.1 ওভারে 163 রান তাড়া করল পঞ্জাব কিংস ৷ ব্যাট হাতে কনোলি নায়ক হলেও বল হাতে এদিন পঞ্জাব কিংসের উজ্জ্বল মুখ বিজয়কুমার বিশাখ ও যুজবেন্দ্র চাহাল ৷ এর মধ্যে দ্বিতীয়জনকে 18 কোটি দিয়ে এবার মিনি নিলামে দলে নিয়েছে প্রীতি জিন্টা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷ অন্তত প্রথম ম্যাচের নিরিখে দর বোঝালেন ভারতীয় লেগস্পিনার ৷ চার ওভারে 28 রানে দুই উইকেট নিলেন তিনি ৷ তবে 34 রানে সর্বাধিক তিন উইকেট বিশাখের ঝুলিতে ৷ গত আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক সাই সুদর্শন 2026 মরশুমের প্রথম ম্যাচে ফিরলেন 13 রানে ৷ এরপর গুজরাতের ইনিংস এগোল মূলত অধিনায়ক শুভমন গিল ও জস বাটলারের ব্যাটে ৷ ছ’টি চারের সাহায্যে 27 বলে 39 রান করলেন গুজরাত অধিনায়ক গিল ৷ চেনা ফর্ম থেকে যোজন দূরে থাকা বাটলার খেললেন 33 বলে 38 রানের মন্থর ইনিংস ৷ মারলেন তিনটি চার ও দু’টি ছক্কা ৷ ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেকে 17 বলে 25 রান করলেন গ্লেন ফিলিপ্স ৷ ওয়াশিংটন সুন্দর খেলেন 16 বলে 18 রানের ইনিংস ৷ শেষদিকে রাহুল তেওয়াটিয়ার 10 বলে অপরাজিত 11 রানে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 162 তোলে 2022-এর চ্যাম্পিয়নরা ৷ জবাবে ইমপ্যাক্ট-সাব প্রিয়াংশ আর্য সাত রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে প্রভসিমরন সিং ও কুপার কনোলির 49 বলে 76 রানের জুটি জয়ের পথে অনেকটা এগিয়ে দেয় পঞ্জাবকে ৷ 24 বলে 37 রানে আউট হন প্রভসিমরন ৷ লম্বা হয়নি অধিনায়ক শ্রেয়স আইয়ারের ইনিংসও ৷ 11 বলে 18 রানে আউট হন তিনি ৷ এরপর একে একে নেহাল ওয়াধেরা (3), শশাঙ্ক সিং (4) ও মার্কাস স্টোইনিসের (0) উইকেট দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব ৷ 118 রানে বিপক্ষের ছয় ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে ফেরে গুজরাত ৷ কিন্তু প্রথমে মার্কো জানসেন এবং তারপর জেভিয়ার বার্টলেটকে সঙ্গে নিয়ে কনোলির প্রতিরোধে শেষরক্ষা করতে পারেনি গুজরাত ৷ জানসেন নয় রানে ফিরলেও 34 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বাঁ-হাতি কনোলি ৷ পাঁচটি চার ও পাঁচ ছক্কায় 44 বলে 72 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অজি ক্রিকেটার ৷ ম্যাচের সেরা তিনি ৷ 11 রানে অপরাজিত থাকেন বার্টলেট ৷ জলে যায় গুজরাতের ইমপ্যাক্ট-সাব প্রসিদ্ধ কৃষ্ণার 29 রানে তিন উইকেটের দুরন্ত স্পেল ৷ 19.1 ওভারে সাত উইকেট হারিয়ে 165 রান তুলে নেয় গুজরাত টাইটান্স ৷

