উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। অভিমুখ ওড়িশা এবং বাংলা উপকূল । এর প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৷ প্রভাব পড়বে কলকাতাতেও ৷ বৃহস্পতিবার রাতে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস ৷ সোমবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলে ঝড়ো হওয়ার সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইবে। উপকূলে ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবার সকাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা ৷ বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়াতেও। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা-হাওড়া-হুগলি-উত্তর 24 পরগনা এবং দুই বর্ধমানে। সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। মঙ্গল এবং বুধবার বৃষ্টির হলুদ সর্তকতার মধ্যে উপকূলের দুই জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে।।
উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলায়। ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-এই পাঁচ জেলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলায়।

