প্রথম করোনা আক্রান্ত পুলিশ কর্মীর মৃত্যু হল কলকাতায়। মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের। শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ৪৭ বছর বয়সী ওই পুলিশকর্মী কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের ডিআরও-তে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাঁর মৃত্যু হয়। কতজন ওই মৃত পুলিশকর্মীর সংস্পর্শে এসেছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মৃত কলকাতা পুলিশের কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়া থানা এলাকায়। ২৪ মে স্ত্রীর অসুস্থতার খবর পান তিনি। ২৮ মে বাসে করে বাড়ি যান। ১ জুন ফিরে আসেন কর্মক্ষেত্রে। সেদিনই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ৩ জুন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই ক্রমাগত শারীরিক অবস্থা খারাপ হতে থাকে ওই কনস্টেবলের। শনিবার মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় তাঁর।

