উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি প্রসঙ্গে এবার বিজেপির সমালোচনার সোচ্চার হল তৃণমূল শিবির। গেরুয়া শিবিরকে ফের একবার ‘টুকরে টুকরে গ্যাং’ বলে কটাক্ষ করল কুনাল ঘোষ। দলের মুখপাত্র কুনাল ঘোষ মঙ্গলবার বিজেপির একাংশের পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে বলেন, “এই তো এক থেকে দেড় মাস হল ভোট শেষ হয়েছে। এত আলাদা রাজ্যের দাবি থাকলে ভোটের সময় ইস্তাহারে বললেন না কেন? এই সব আলাদা রাজ্য ভাগের দাবি জানাতে পারতেন। তাহলে তখন বোঝা যেত।” মঙ্গলবার কুনাল ঘোষ আরও বলেন, “বাংলার অখন্ডতা নষ্ট করতে পারা যাবে না। দিলীপ বাবু কলকাতায় এক বলবেন, জেলায় এক বলবেন সেটা হয় না। আগে উত্তরের নেতারা মুখস্থ বলুন, উত্তরবঙ্গে শুধুমাত্র রেল মন্ত্রী হিসাবে কী কাজ করেছেন? তারপর তো রাজ্যের কাজ নিয়ে পর্যালোচনা।” কুনাল ঘোষ এদিন বলেন, “ওরা গোটা রাজ্যকে ভাগ করতে চাইছে।” এখানেই শেষ নয়। পৃথক রাজ্য দাবি প্রসঙ্গ তুলে এদিন রাজ্যপালকেও বিঁধতে ছাড়েননি কুনাল ঘোষ। তাঁর কথায়, “মি: ট্যুইটার ধনখড় আসলে মদত দিচ্ছেন। দেখছেন ছোট ছোট প্রদেশ ভাগ হলে সেখানে গিয়ে রাজ্যপাল হিসাবে থাকতে পারবেন। কারণ বাংলায় আর ওনার বেশিদিন নেই।”