লেকটাউনে দমকলকর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার দুই। ধৃতদের নাম আফরজ আনসারি ও আয়ুষ শর্মা। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার বিকেলে দমকলকর্মী স্নেহাশিস রায় (৩৭) যখন তাঁর মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন, তখন তাঁকে গুলি করে খুন করা হয়। লেকটাউনের সারদা পল্লিতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাইকে চড়ে দুষ্কৃতীরা এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। দমকলকর্মীকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দুই অভিযুক্ত আফরজ আনসারি ও আয়ুষ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আফরজ রহড়ার বাসিন্দা। আয়ুষের বাড়ি টিটাগড়ে। আরও দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

