জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য জম্মু-কাশ্মীরে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ এক শীর্ষ জঙ্গি। নিহত ওই জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি পুলিশের। মঙ্গলবার রাতে জম্মু- কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার। সেনা এবং নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, নিহত জঙ্গির নাম ফৌজি মুসা (Fauzi Musa)। সে ছিল লস্কর-ই-তৈবা একজন শীর্ষ কমান্ডার। মঙ্গলবার রাতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে, বুদগামের ইউসমার্গ (Yousmarg)-সংলগ্ন কোরাগে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী, পুলিশ এবং সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF) এই যৌথ অভিযান চালায়। ‘অপারেশন কোরাগ’ নামে এই অভিযানেই নিকেশ করা গিয়েছে এক জঙ্গি সদস্যকে। সেনার দাবি, ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় কয়েকজনকে। এর পরেই সতর্ক হয়ে সেনা বাহিনীর জওয়ানরা। ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘুরে থাকা লোকজনকে ‘ চ্যালেঞ্জ’ জানায় যৌথ বাহিনী। তার পরে সেনা এবং নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। তাতেই নিকেশ হয় ওই জঙ্গিদের এই শীর্ষ নেতা। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই খোঁজ চলছিল ফৌজি মুসার।জম্মু-কাশ্মীরে একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর আগে, ৫ সেপ্টেম্বর ইউসমার্গ পাহাড় এলাকায় অভিজান চালায় সেনা এবং যৌথ বাহিনী। সেদিন মুসা পালিয়ে গেলেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির।

