বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ বুধবার তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সভা থেকে এই ঘোষণা করেন ৷ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ চলতি অর্থবর্ষেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ হাজার ২০০ টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ প্রতি বছর বন্যায় ভেসে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ৷ তিনি সরকারি আধিকারিক এবং স্থানীয় বিধায়ককে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে কাজের গতি বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন ৷ এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মজয়ন্তীতে তাঁর জন্মস্থল ঘাটালের বীরসিংহ গ্রামে একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন ৷ শুভেন্দু বলেন, “আমরা চলতি অর্থবর্ষে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করছি ৷ এই অর্থের ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকিটা দেবে রাজ্য ৷ মাস্টার প্ল্যানের জন্য জমি কিনতে বিপর্যয় মোকাবিলা দফতরের থেকে আমরা কিছু অর্থ পাব ৷ আমরা স্থানীয় বিধায়কদের বলেছি, এই মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শেষ করতে হবে ৷” দুর্গাপুজোর পরই যুদ্ধকালীন তৎপরতায় মাস্টার প্ল্যানের কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আগামী বছরের জুন মাসের মধ্যে বর্ষার আগেই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি ৷ তিনি জানান, সারা দেশে শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গ ৩১ তম স্থানে নেমে গিয়েছে ৷ এর জন্য তৃণমূল সরকারের ভ্রান্ত নীতি দায়ী ৷ তিনি যোগ করেন, বাল্যবিবাহেও বাংলার স্থান অনেক উপরে ৷ প্রায় বয়ঃসন্ধিতে মা হয়েছে, রাজ্যে এমন সংখ্যা প্রায় ৬০ হাজার ৷ এর মধ্যে মুর্শিদাবাদে ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৯ হাজার ৷

