banganews.net

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের প্রচার ঘিরে উত্তেজনা । কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের হয়ে প্রচারে যাওয়ার পথে আটক হলেন দুই কংগ্রেস নেতা ৷ তাঁরা হলেন বিশিষ্ট লেখক ও সমাজকর্মী মানিক ফকির এবং মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম মুখ সুকৃতিরঞ্জন বিশ্বাস । তাঁদের আটক করে নন্দীগ্রাম থানার পুলিশ ৷ গত কয়েকদিন ধরে মিলন প্রধানের হয়ে নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারের ঝড় তুলছিলেন মানিক ফকির ও সুকৃতিরঞ্জন বিশ্বাস । কখনও হলদিয়া, আবার কখনও চণ্ডীপুর বা নন্দীগ্রামে থেকেই প্রচারে বেরোচ্ছিলেন দুই নেতা । তাঁদের বুধবার চণ্ডীপুরের সপ্তশ্রী গেস্ট হাউস থেকে আটক করে পুলিশ । তারপর তাঁদের নন্দীগ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকৃতিরঞ্জন বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয় । তবে মানিক ফকিরকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে । যদিও ঠিক কী কারণে বা কোন অভিযোগে তাঁদের আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় । মানিক ফকির বলেন, “সকালে গ্রেস্ট হাউস থেকে আমাদের আটক করেছে ৷ কিন্তু কেন আটক করেছে পুলিশ তা বলেনি ৷ নন্দীগ্রামের মানুষ আতঙ্কে আছে ৷ তারা মিলন প্রধানকে জেতাকে চায় ৷ কিন্তু শুভেন্দু অধিকারী তা চান না ৷ তাই আমায় ও সুকৃতিরঞ্জন বিশ্বাসকে আটক করে নন্দীগ্রাম থানায় আনা হয়েছে ৷ নন্দীগ্রামের মানুষকে বলব, ভয় পাবেন না ৷ নিজের মতো ভোট দিন ৷ শুভঙ্কর সরকার ও রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেস নন্দীগ্রামে জিতবে ৷” থানা থেকে বেরিয়ে সুকৃতিরঞ্জন বিশ্বাস বলেন, “আমাকে ছেড়ে দিয়েছে ৷ বাইরে অপেক্ষা করতে বলল পুলিশ ৷ মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করছে ৷ আমাদের নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটানোর জন্যই আটক করা হয়েছিল ৷ বিরোধীরা যাতে কোনওভাবে প্রচার করতে না পারে তাই শুভেন্দুবাবু যা যা করার সব করছেন ৷ বিজেপির পক্ষে আমাদের প্রচার ক্ষতির কারণ হচ্ছে ৷ মানুষ বিজেপিকে আর চাইছে না সেটা এই সরকার বুঝে গিয়েছে ৷ তাই তারা আমাদের প্রচার আটকানোর সবরকম চেষ্টা করেছে ৷” এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বুধবার সকালে হোটেল থেকে বেরিয়ে প্রচারের উদ্দেশে রওনা দেওয়ার সময় কোনও বৈধ কারণ ছাড়াই পুলিশ তাঁদের আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যায় । দু’জনেই সদ্য ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন এবং নন্দীগ্রামে মিলন প্রধানের প্রচারের দায়িত্বে ছিলেন । এই ঘটনায় জরুরি প্রেস বিবৃতি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার । বিবৃতিতে তিনি বলেন, “শুধুমাত্র কংগ্রেসের প্রচার করার অপরাধে মানিক ফকির ও সুকৃতিরঞ্জন বিশ্বাসের উপর এই প্রতিহিংসামূলক আচরণ নেমে এসেছে । আমরা এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । এইভাবে হয়রানি করে মিলন প্রধানের প্রচার আটকানো যাবে না । এই ঘটনা প্রমাণ করে বাংলার গণতন্ত্র আজ অত্যন্ত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে ।”