রাজ্যে ফের নাবালিকার উপর নৃশংস ভাবে ধর্ষণ অত্যাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৷ ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর এলাকা ৷ দেহ আটকে রাস্তা বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয় লোকজন ৷ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ তাঁর নাম ইন্দ্রজিৎ তাঁতি (২৬) ৷ জনরোষের হাত থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। জানা গেছে, রবিবার সকালে একটি পুকুর থেকে বস্তাবন্দি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। কাঠের গুড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা।জ্বালানো হয় টায়ার। অভিযোগ, এরইমধ্যে এলাকা থেকেই আরেক অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপিটুনি। ক্ষোভ এমন পর্যায় পৌঁছয় যে, ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। আহত হন একাধিক পুলিশকর্মী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

