পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি করল সিবিআই ৷ বৃহস্পতিবার মানিকের বিরুদ্ধে এই পদক্ষেপ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ কলকাতা ও নদিয়ায় দু’টি বাড়ি রয়েছে মানিক ভট্টাচার্যের ৷ কিন্তু, তার কোনওটিতেই মানিকের খোঁজ পাওয়া যায়নি ৷ তবে, তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা ৷ অন্যদিকে, মানিকের মোবাইলও ‘সুইচ্ড অফ’ রয়েছে ৷ ফলে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করতে বাধ্য হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এমনটাই জানা গেছে।