প্রথম ম্য়াচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াল লখনউ সুপার জায়ান্টস ৷ সানরাইজার্স হায়দরাবাদকে তাদেরই মাঠে হারিয়ে চলতি আইপিএলের প্রথম জয় তুলে নিল ‘নবাব’রা ৷ যদিও নিজামের শহরে এদিন সহজ ম্য়াচ খানিকটা কঠিন করে জিতল লখনউ ৷ সৌজন্যে অধিনায়ক ঋষভ পন্তের অপরাজিত হাফসেঞ্চুরি ৷ প্রথম ম্য়াচে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছিলেন ৷ দ্বিতীয় ম্য়াচে ব্য়াটিং-অর্ডারে সঠিক জায়গায় নেমে দলকে পাঁচ উইকেটে জয় এনে দিলেন স্টাম্পার-ব্যাটার ৷ 157 রান তাড়া করে এক বল বাকি থাকতে ম্য়াচ জিতল লখনউ ৷ ব্যাট হাতে পন্তের অধিনায়কোচিত হাফসেঞ্চুরির আগে হায়দরাবাদে এদিন বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি ৷ আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা স্পেল উপহার দিলেন বঙ্গ পেসার ৷ টস জিতে উপ্পলে এদিন হোম টিমকে প্রথম ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান লখনউ অধিনায়ক পন্ত ৷ কিন্তু 26 রানের মধ্যে ডাগআউটে ফিরে যান তারকাখচিত হায়দরাবাদের চার ব্য়াটার ৷ অভিষেক শর্মাকে শূন্য় রানে ফেরান শামি ৷ অজি মারকুটে ব্য়াটার ট্রাভিস হেড সাত রানে শিকার হন 2023-এর বেগুনি টুপি বিজেতার ৷ চার ওভারে মাত্র ন’রান দিয়ে দুই উইকেট নেন ম্য়াচের সেরা শামি ৷ সানরাইজার্স অধিনায়ক ঈশান কিষাণকে এরপর এক রানে ফেরান প্রিন্স যাদব ৷ 20 বলে মাত্র 14 রান করে দিগ্বেশ রাঠীর শিকার হন ইংরেজ ব্য়াটার লিয়াম লিভিংস্টোন ৷ গত ম্য়াচে কলকাতায় 226 রান তোলা অরেঞ্জ ব্রিগেডের পক্ষে একশো পার করা সে সময় মুশকিল মনে হচ্ছিল ৷ কিন্তু পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন হেনরিক ক্লাসেন ও নীতীশ রেড্ডি ৷ দু’জনের 116 রানের জুটিতে চ্য়ালেঞ্জিং স্কোর করে সানরাইজার্স ৷ পাঁচটি চার ও দু’টি ছক্কায় 41 বলে 62 রান করেন ক্লাসেন ৷ নীতীশ খেলেন 33 বলে 56 রানে ঝোড়ো ইনিংস ৷ তিনি মারেন তিনটি চার ও পাঁচ ছক্কা ৷ শামি ছাড়াও 34 রানে জোড়া উইকেট নেন প্রিন্স ৷ রান তাড়া করতে নেমে মিচেল মার্শ 14 রানে ফিরলেও 27 বলে 45 রান করেন লখনউয়ের আরেক ওপেনার এইডেন মার্করাম ৷ দ্বিতীয় উইকেটে পন্তের সঙ্গে তাঁর 40 রানের জুটিতে জয়ের গন্ধ পেয়ে যায় দল ৷ এরপর ইমপ্যাক্ট-সাব আয়ুষ বাদোনি 12, নিকোলাস পুরান 1, আব্দুল সামাদ 16 রানে ফেরায় অবশ্য খানিকটা চাপে পড়ে যায় লখনউ ৷ তবে হাফসেঞ্চুরি করে সেই চাপ সামাল দেন পন্ত ৷ শেষ ওভারে দলের জয়ের জন্য দরকার ছিল 9 রান ৷ তিনটি চার মেরে এক বল বাকি থাকতে কাঙ্খিত জয় এনে দেন অধিনায়ক ৷ ন’টি চার মেরে 50 বলে 68 রানে অপরাজিত থেকে যান 27 কোটির ক্রিকেটার ৷ রুদ্ধশ্বাস জয়ে পয়েন্টের খাতা খোলে এলএসজি ৷ মূল্যহীন হয়ে যায় চার ওভারে 18 রান দিয়ে হর্ষ দুবের জোড়া উইকেটের স্পেল ৷

