বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে যে আরও ২টি ব্লকেজ ছিল তাতে স্টেন্টিং করা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেট্টি ও অশ্বিন মেহেতার তত্ত্বাবধানে হয় গোটা অস্ত্রপচারের প্রক্রিয়া। ছিলেন সৌরভের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের তিন চিকিৎসক সরোজ মণ্ডল, আফতাব খান ও সপ্তর্ষী বসু। দুপুর ৩টে ১০ নাগাদ প্রথমে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তারপর রিপোর্ট দেখেই সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সৌরভের অস্ত্রপচার। অপারেশনের পর সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে বাইপাসের অ্যাপোলো হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই সৌরভকে দেখতে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ সৌরভকে হাসপাতালে দেখে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘সুস্থ আছেন সৌরভ, চিকিৎসকের সঙ্গে আমি কথা বলেছি ৷ স্টেন্ট বসানোর পর ভালো আছেন সৌরভ ৷’

