বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার দুপুর 2টো থেকে শুরু হবে কালীঘাটপন্থী তৃণমূলের মিছিল ৷ শেষ হবে বিকেল 4টেয় ৷ দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরায়। বারুইপুরের ঘটনার প্রতিবাদে তৃণমূল নেত্রী যখন মিছিল করবেন তার মাত্র কয়েক ঘণ্টা আগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের ৷ বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় তোলপাড় রাজ্য ৷ প্রতিবাদে সরব বিরোধী শিবিরও ৷ বারুইপুরের নৃশংস হত্যা ও অত্যাচারের ঘটনার প্রতিবাদে সোমবারও পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিলে অংশ নেন । মিছিলের দাবি ছিল,’জাস্টিস ফর বারুইপুর’। এরপর ফের পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস আজ বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল । কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় । পুলিশের বক্তব্য ছিল, ওই রাস্তায় একাধিক হাসপাতাল থাকায় কর্মদিবসে ওই রুটে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় । এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যুব তৃণমূল । মঙ্গলবার দুই পক্ষের বক্তব্য শোনার পর রুট পরিবর্তন-সহ একাধিক শর্ত আরোপ করে মিছিলের অনুমতি দেয় আদালত ।

