পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে সবাইকে সতর্ক হয়ে উৎসব পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের জানিয়ে দিলেন ছট পুজো উপলক্ষে দু’দিন ছুটি থাকছে ৷ আগামী কয়েকদিনও বঙ্গে থাকছে উৎসবের আবহ ৷ জগদ্ধাত্রী পুজো রয়েছে, ছট পুজো রয়েছে ৷ কোভিড বিধি মেনে উৎসব পালনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন, “কোভিড যোদ্ধারা নিজেদের জীবন দিয়ে কাজ করেছেন ৷ আপনারা পুজো করুন, তবে ঘাটে যখন যাবেন, অবশ্যই মাস্ক পরবেন ৷ ধীরে ধীরে ঘাটে যাবেন ৷ তাড়াহুড়ো করবেন না ৷ তাহলে জলে ডুবে যেতে পারেন ৷” ছট পুজোয় ১০ ও ১১ নভেম্বর দু’দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উৎসব পালনের সময় সব থানাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ বলেছেন, “সব পুলিশ স্টেশনকে বলব মাইক্রোফোনের ব্যবস্থা রাখুন ৷ ঘাটে যাওয়ার আগে মাইকে ঘোষণা করবেন ৷ সতর্ক করবেন মানুষকে ৷” মমতার কথায়, “ঝড়-জল যাই হোক, উৎসবমুখর বাংলা কখনও থেমে থাকে না ৷ সবাইকে নিয়ে চলার নামই ধর্ম ৷ বিভেদ নয়, জোটবদ্ধ ভারতই সবটুকু আনন্দ দিতে পারে ৷”