banganews.net

একে-৪৭ রাইফেল আর পিস্তল থেকে পরপর গুলি ৷ মুহূর্তের মধ্য়েই ঘটে গেল ভয়াবহ হত্য়াকাণ্ড ৷ দক্ষিণ আফ্রিকার দুই বড় শহর জোহানেসবার্গ ও কেপ টাউনে কয়েক ঘণ্টার ব্য়বধানে ঘটে গেল দু’টি পৃথক হত্য়ার ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, বন্দুকবাজের হানায় ইতিমধ্য়েই প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন ৷ প্রথম ঘটনাটি ঘটেছে শনিবার শেষ রাতে জোহানেসবার্গের কাছে একটি পানশালায় ৷ পরেরটির খবর এসেছে রবিবার রাতে কেপ টাউনের কাছাকাছি একটি স্টোর থেকে ৷ দু’টি ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ মাত্র ৫ দিন আগে ডারবানের কাছে একটি টাউনশিপে বন্দুকধারীর হামলায় একইভাবে প্রাণ গিয়েছে অন্তত 11 জনের ৷ দক্ষিণ আফ্রিকার পুলিশের তরফে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ ৮ জন সশস্ত্র সন্দেহভাজন ব্য়ক্তি হঠাৎই ঢুকে পড়ে জোহানেসবার্গের ওয়েডেলা টাউনশিপের একটি বার-এ ৷ তাদের হাতে ছিল একে-৪৭ রাইফেল আর পিস্তল ৷ আততায়ীরা প্রথমে পানশালার বাইরে বসে থাকা মানুষজনকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তারপর গুলি চালাতে চালাতেই পানশালার ভিতরে হানা দেয় ৷ নিহতদের মধ্য়ে ১৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা ৷ গুলি লেগে আহত হয়েছেন আরও ১৫ জন ৷ পুলিশ জানিয়েছে, আততায়ীরা বার-এ বসে থাকা কয়েক জনের দেহ তল্লাশি করে ৷ তারপর তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে দু’টি গাড়িতে করে চম্পট দেয় ৷ এই ঘটনার প্রায় ঘণ্টা চারেকের মধ্য়েই কেপ টাউনের কাছে লোয়ান্ডেল টাউনশিপের একটি স্টোরে রাত ১টা নাগাদ ১০ জন নিহত হন বন্দুকবাজের হামলায় ৷ পুলিশের দাবি, একের বেশি সন্দেহভাজন ব্য়ক্তি এই দু’টি ঘটনায় জড়িত রয়েছে বলে সন্দেহ ৷ যদিও সন্দেহভাজনদের প্রকৃত সংখ্য়া কত, জানায়নি তারা ৷ গত মঙ্গলবার রাতে ডারবানের কাছে কোয়ামাখুটা টাউনশিপে একটি হাউস পার্টির মধ্য়েই বেশ কয়েক জন বন্দুকধারী আততায়ীর হানায় প্রাণ যায় এক অন্তঃসত্ত্বা মহিলা সহ ১১ জনের ৷ এই ঘটনাতেও পুলিশের তরফে কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি ৷ বহু বছর ধরেই দক্ষিণ আফ্রিকায় অপরাধের প্রবণতা বেড়ে চলেছে ৷ খুন, রাহাজানি, ডাকাতি এখানে নিত্য় ঘটনার মধ্য়ে পড়ে ৷ কিন্তু এক সপ্তাহের মধ্য়ে তিনবার গণহত্য়ার ঘটনায় আতঙ্কগ্রস্ত সকলেই ৷ বিশেষজ্ঞদের মতে, বারবার এই ধরনের ঘটনা দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতেও প্রভাব ফেলছে ৷ একসঙ্গে এতজন বন্দুকবাজের হামলা ক্রমশ নিত্য়নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে ৷ অপরাধ নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ বছরের মার্চ মাস থেকেই দেশের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলির পথেঘাটে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত কার্যকর করেছেন ৷ জোহানেসবার্গ এবং কেপ টাউনের অপরাধপ্রবণ এলাকাও এর আওতায় এসেছে ৷ এই সব এলাকায় সেনাবাহিনী মোতায়েন করার পরে প্রেসিডেন্ট বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র এবং আর্থিক উন্নতির পথে এই ধরনের অপরাধী দলগুলি অন্য়তম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ সমালোচকদের মতে, পথেঘাটে সেনা মোতায়েনের অর্থ হল পুলিশ নিজের ভূমিকা পালনে ব্য়র্থ হচ্ছে ৷ পুলিশি পরিসংখ্য়ান থেকেই উঠে এসেছে, এ বছরের এপ্রিল থেকে জুন, এই তিন মাসের মধ্য়ে দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫৪২৭ খুনের ঘটনা ঘটেছে ৷ যার গড় হিসেব করলে দিনে ৬০ জন খুন হচ্ছে ! পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের মতে, বিপুল বেআইনি আগ্নেয়াস্ত্র বাজারে কেনাবেচার ফলে সমস্য়া আরও জটিল হচ্ছে ৷