banganews.net

দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জের নারায়ণপুর জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করেছিল নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সকালে গোডাউনে মজুত করে রাখা সেই বাজি ও বারুদে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বিস্ফোরণের তীব্রতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি-বারুদ উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু, উদ্ধার হওয়া সেই বাজি নিয়ম মাফিক নিষ্ক্রিয় না করে একটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল, এমনই অভিযোগ স্থানীয়দের। এমনকি, গোডাউনের বাইরে একটি ড্রামের মধ্যে বারুদও মজুত করে রাখা ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে আচমকাই আগুন লাগে ওই গোডাউনে। একের পর এক বাজি ফাটতে শুরু করে। বিকট শব্দ এবং প্রবল ধোঁয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, যে গোডাউনে ওই বাজি রাখা হয়েছিল, তার দোতলায় এক পরিবার বসবাস করতেন। বিস্ফোরণের শব্দে তাঁরা দ্রুত বেরিয়ে আসেন বাড়ি থেকে। একের পর এক বাজি ফাটার শব্দে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।