মালভিয়া নগর অগ্নিকাণ্ডের রেশ কাটতে না-কাটতেই ফের রাজধানীতে আগুন লাগার ঘটনা ৷ এবার ঘটনাস্থল তুঘলকাবাদ ৷ শুক্রবার ভোররাতে দিল্লির তুঘলকাবাদ এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে আগুন লেগে মৃত্যু হল তিন জনের ৷ ঘটনায় আহত বেশ কয়েকজন ৷ দিল্লি দমকল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সরু গলির মধ্যে অবস্থিত ওই ভবন থেকে আট জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । এইমস (AIIMS) ট্রমা সেন্টারের বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়া তিন জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, সফদরজং হাসপাতালের বার্নস ওয়ার্ডে ভর্তি হওয়া পাঁচ জনের মধ্যে দু’জন মহিলাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা ৷ বাকি তিন জনের মহিলার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা ।আজ সকালে দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “শুক্রবার ভোররাতে দিল্লির তুঘলকাবাদ এলাকার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন মারা গিয়েছেন । দিল্লি ফায়ার সার্ভিসের (DFS) কর্মীরা এখন পর্যন্ত পাঁচ জনকে উদ্ধার করেছেন ।”রাত 2টো 25 মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বিভাগ । খবর পাওয়ার পরপরই তিনটি দমকলের ইঞ্জিন, দু’টি জলের ট্যাঙ্কার, একটি ব্রিদিং সাপোর্ট ইউনিট এবং একটি কুইক রেসপন্স ভেহিকেল (QRV) ঘটনাস্থলে পাঠানো হয় ।