তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ কারণ, শনিবার তারাতলা স্টেশন থেকে মাঝেরহাট পর্যন্ত সফলভাবে সম্পন্ন হল ট্রায়াল রান ৷ কলকাতা মেট্রোর তরফে আগেই জানানো হয়েছিল, এই বছরে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে ৷ আর তার যে খুব একটা দেরি নেই, তা বলাই বাহুল্য ৷ আজ তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত প্রথম মহড়া দৌড় সফলভাবেই সম্পন্ন হল ৷ মাঝেরহাট থেকে তারাতলা স্টেশন পর্যন্ত দূরত্ব হল ১.২৫কিলোমিটার ৷ এদিন ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালিয়ে প্রয়োজনীয় পরীক্ষাগুলি করা হয় ৷ আজ দুপুর ১২টা ১৬ মিনিট নাগাদ একটি এসি ট্রায়াল রেক নম্বর এমআর ৪টে ১৭ তারাতলা স্টেশন থেকে ছাড়ে ৷ ট্রেনটি দুপুর ১২টা ১৯ মিনিটে মাঝেরহাট স্টেশনে পৌঁছয় ৷ এরপর আবার মাঝেরহাট থেকে ওই ট্রেনটি দুপুর ১২ টা ৪৩ মিনিটে চেয়ে তারাতলা স্টেশনে দুপুর ১২টা ৪৬ মিনিটে পৌঁছয় ৷ সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক এগোলে এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে এই অংশের বাণিজ্যিক পরিষেবা ৷ এখন কলকাতা শহর এবং তার আশপাশের প্রায় অনেক জায়গাই মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়েছে ৷ তবে আরও বেশ কয়েকটি জায়গা বাকি রয়েছে, যেখানে মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি ৷ এই সব জায়গাগুলির মধ্যে বেহালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ অফিসের সময়ে বেহালার দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ তাই ওই দিকে মেট্রোর প্রয়োজনীয়তা মানুষ অনেক আগে থেকেই বুঝেছিল ৷ শহরের ওই অংশে আপাতত তারাতলা থেকে জোকা পর্যন্ত পরিষেবা দিচ্ছে মেট্রোরেল ৷ ফলে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু হয়ে গেলে অনেকটাই সুরাহা মিলবে। ৷
