সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ৷ রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রুকুটির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বুধ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গের সর্বত্রই দাপট দেখাবে বৃষ্টি ৷ হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে । সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । বর্তমানে জলপাইগুড়ি অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি । এই দুইয়ের প্রভাবে রাজ্যেজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গ –
- আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই বছর দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি ৷ উত্তরের প্রতিটি জেলাতেই ইতিমধ্যে ঝড়বৃষ্টি চলছে ৷ রবিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে ৷ সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে উপরের পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
- হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সতর্কতা রয়েছে । জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টির (২০ সেন্টিমিটারের বেশি) লাল সতর্কতা জারি করা হয়েছে । সেই সঙ্গে, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ।
- বুধবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । পাশাপাশি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । বাকি জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টি ।
দক্ষিণবঙ্গ –
- মঙ্গলবার কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেই সঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ায় ঝোড়ো হাওয়াও বইতে পারে ।
- বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে ।
- বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
- রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

