বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল, 2026 নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে ৷ আগামিকাল সংসদে এই বিল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ৷ এই বিল এনে প্রধানত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় বিদেশ থেকে আসা অনুদান নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপির নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় সরকার ৷ ইতিমধ্যে বিরোধী কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস এই বিতর্কিত বিল প্রত্যাহারের দাবি তুলেছে ৷ মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা এই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ৷ তিনি এই বিল প্রত্যাহারের আর্জি জানিয়েছেন ৷ এদিকে সূত্রের খবর, সরকার এই বাদল অধিবেশনে বিল পাশ করবে না ৷ লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হবে এফসিআরএ বিল ৷ কংগ্রেস ও তৃণমূল এই বিল প্রত্যাহারের দাবি তুললেও বিজেডি’র মতো কয়েকটি আঞ্চলিক দল মনে করে বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠিয়ে পর্যালোচনা করা হোক ৷ সূত্রের খবর, ডিএমকে-ও এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে ৷ চলতি বছরের 25 মার্চ বাজেট অধিবেশনে এই এই বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল ৷ এই বিলের উদ্দেশ্য, দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে আসা বিদেশি অনুদান কড়া হাতে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে মূলত ক্ষতিগ্রস্ত হবে ক্রিশ্চান সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলি ৷ বুধবার এই বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হতে পারে এবং তার জন্য প্রস্তাব করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ এই বিল অনুযায়ী কোনও সংস্থা এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করতে না-পারলে ওই সংস্থা সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার ৷ সংস্থার সম্পত্তির ব্যবস্থাপনা এবং নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে এই বিলে ৷বিরোধী শিবিরের অভিযোগ, এই এফসিআরএ বিলের মাধ্যমে দেশের সংখ্যালঘুদের নিশানা করেছে মোদি সরকার ৷ বিলের আওতায় ক্রিশ্চান সম্প্রদায়ের স্বেচ্ছাসেবী সংস্থা এবং সংখ্যালঘু পরিচালিত সামাজিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের বৈধ অনুদান বন্ধ করে দিতে পারে সরকার ৷ কিন্তু সরকারের বক্তব্য, এই বিধান কোনও সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে নয় ৷ শুধু বিদেশ থেকে আসা অনুদান নিয়ন্ত্রণ করার লক্ষ্য়ে এই বিল আনা হচ্ছে ৷রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণানের নেতৃত্বে রাজ্যসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে যোগ দেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জেপি নাড্ডা ৷ এছাড়া বিরোধী দলের রাজ্যসভার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং বিজেডি’র সাংসদ সস্মিত পাত্র ৷ এই বৈঠকে এফসিআরএ বিল নিয়ে প্রসঙ্গ উত্থাপন হলে বিএসি কমিটি জানায়, এফসিআরএ বিল নিয়ে হাউজে আলোচনা হবে ৷ এদিকে সরকার ধোঁয়াশা জিইয়ে রেখে জানিয়েছে, সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
বিদেশি অনুদান নিয়ন্ত্রণে FCRA বিল, বিতর্কের আবহে যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে পারে সরকার
Byবঙ্গনিউজ
Aug 11, 2026
