কেন্দ্রীয় সরকার কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিক বা পলিমার নোট চালুর লক্ষ্যে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকার প্রাথমিক পর্যায়ের পরীক্ষামূলকভাবে 10 ও 20 টাকা করে 100 কোটি পলিমার নোট ইস্যু করার অনুমোদন দিয়েছে। বাজারে ছাড়ার আগে সরকার 10 ও 20 টাকার প্লাস্টিকের নোটের পরীক্ষামূলক প্রচলনের অনুমোদন দিয়েছে। এর আওতায় প্রতিটি মূল্যমানের 100 কোটি পলিমার নোট তৈরি করা হবে। অর্থাৎ, এর আওতায় 10 টাকার 100 কোটি এবং 20 টাকার 100 কোটি প্লাস্টিক নোট ছাপানো হবে, যেগুলির মোট মূল্য হবে 3000 কোটি টাকা। মঙ্গলবার রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই পলিমার নোটগুলি ইতিমধ্যে প্রচলিত কাগজের নোটের পাশাপাশি জারি করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানান যে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এই পলিমার নোটগুলি কেনার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে, পলিমার নোটগুলি কবে বাজারে পাওয়া যাবে অথবা সেগুলি উৎপাদন বা কিনতে কত খরচ হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন যে, আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশে এই প্রস্তাবটি জমা দেওয়া হয়েছিল। এটি 1934 সালের আরবিআই আইনের 25 ধারার অধীনে অনুমোদিত হয়েছে। এই পরিকল্পনার অধীনে 100 কোটি 10 টাকার নোট এবং 100 কোটি 20 টাকার প্লাস্টিক নোট ছাপানো হবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রার জানিয়েছেন, আরবিআই আগামী অর্থবর্ষের (FY27) শুরুতেই এই পরীক্ষামূলক প্রকল্পটি চালু করার লক্ষ্য স্থির করেছে। যদি এই পরীক্ষা সম্পূর্ণ সফল হয়, তবে 2028 সালের (FY28) মধ্যে দেশজুড়ে এই প্লাস্টিকের নোটগুলি চালু করা হবে। বর্তমানে, নোট ছাপানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ তাই মোট খরচ এবং সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
প্লাস্টিকের নোট তৈরি করতে কত খরচ হবে?
বর্তমানে, প্লাস্টিক বা পলিমার শিটে একটি নোট ছাপানোর প্রাথমিক খরচ একটি সাধারণ কাগজের নোট তৈরির খরচের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। যেমন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বর্তমানে কাগজে একটি সাধারণ 10 টাকার নোট ছাপাতে প্রায় 1.01 টাকা খরচ করে। তবে, যখন একই মূল্যের একটি নোট প্লাস্টিকে তৈরি করা হয়, তখন উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য এবং বিশেষ পলিমার শিটের কারণে প্রাথমিক ছাপানোর খরচ বেড়ে যায়। অনুমান করা হচ্ছে যে, একটি 10 টাকার প্লাস্টিক নোট ছাপাতে 2 থেকে 6 টাকা খরচ হতে পারে। প্রাথমিক খরচ বেশি হওয়া সত্ত্বেও, প্লাস্টিকের নোট দীর্ঘমেয়াদে ভারতীয় অর্থনীতি এবং রিজার্ভ ব্যাঙ্কের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। সাধারণ কাগজের নোট খুব দ্রুত ছিঁড়ে যায়, রং ফিকে হয়ে যায় বা ময়লায় নষ্ট হয়ে যায়, যার ফলে রিজার্ভ ব্যাঙ্ককে ঘন ঘন সেগুলি বদলাতে হয়। এর তুলনায়, এই নতুন পলিমার নোটগুলি কাগজের নোটের চেয়ে অন্তত তিন থেকে চার গুণ বেশি দিন টিকবে। জল, ঘাম, তেল এবং ময়লা এই নোটগুলির উপর কোনও বিরূপ প্রভাব ফেলবে না, যা প্লাস্টিকের নোটের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।

