ঘূর্ণিঝড় তখতের ধাক্কায় মুম্বই উপকূলের কাছে ডুবে গেছে একটি বার্জ। ‘পি ৩০৫’ নামের ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌবাহিনী সূত্রের খবর, ডুবে যাওয়া জলযানটির খোঁজে নৌবাহিনীর দুটি চেতক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। তবে এদিন রাত পর্যন্ত ডুবে যাওয়া ওই বার্জটির হদিস মেলেনি। এদিকে সমুদ্র উত্তাল। প্রবল ঝড়ো হাওয়া বইছে। এই পরিস্থিতিতে উদ্ধারের কাজ চালাচ্ছে নৌবাহিনী। ঘূর্ণিঝড় তওকতের জেরে গির এবং দিউতে উদ্ধারের কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। এছাড়া রাস্তায় পড়ে রয়েছে বহু গাছ, বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে। এলাকা সাফ করার কাজ যুদ্ধকালীন তত্পরতায় চালাচ্ছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ চালাচ্ছে সেনা। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, উদ্ধারের জন্য নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে। তীব্র বেগে বাতাস বইছে। ফলে বিঘ্নিত হচ্ছে উদ্ধারের কাজ। ভারতীয় নৌবাহিনীর সূত্রের খবর, উদ্ধারের কাজ চালাতে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তলোয়ারকে আনা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন সমুদ্র প্রাচীর।

