একটানা বৃষ্টিতে মুম্বই সহ মহারাষ্ট্রের বিপর্যয়ও অব্যাহত থাকে। সোমবার একটানা বৃষ্টির পর পুণে জেলার একটি গ্রামে ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। ভোরবেলা ভয়ংকর ধসে মাভাল তহশিলের পাতান গ্রামের একাধিক বাড়ি মাটি-পাথরে নিচে চাপা পড়ে। নিখোঁজ অন্তত ৩৫ জন। এখনও পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,পাহাড়ের একাংশ ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচ বা তার বেশি বাড়ি। রাতভর বৃষ্টির পর ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। মাটি-পাথরের নিচে চাপা পড়ে ৩০-৩৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তিরিশ সদস্যের একটি দল। এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের বাঁচাতে বর্ষার মধ্যেও লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন ৬০ বছরের নন্দু তিকোনে, ৩০ বছরের মৌলি তিকোনে এবং ৫৫ বছরের অনিতা তিকোনে।