জুন মাসে প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই । গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বাণিজ্যনগরীর জনজীবন পুরোপুরি থমকে গেছে। বুধবার ভোর থেকে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় মুম্বই ও পালঘরে আবহাওয়া দপ্তরের তরফে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিএমসি (বৃহন্মুম্বই পুরনিগম) সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শহরতলিতে গড়ে ১৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পারেল অঞ্চলে (৩৩৪ মিমি)। এছাড়া মালাড (৩১৩ মিমি), পওয়াই (২৯৪ মিমি), দাদর ও ওয়াডালায় (২৯০ মিমি) প্রবল বর্ষণে নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। ঝড়ের দাপটে শহরের বিভিন্ন জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। দাদর স্টেশনের কাছে একটি গাড়ির ওপর গাছ পড়লেও বড় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বিএমসি ৭ হাজার কর্মীকে উদ্ধার ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করেছে। ঠাণে, রায়গড় ও সিন্ধুদুর্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ে বর্ষা প্রবেশের পর থেকেই পরিস্থিতির অবনতি হয়েছে এবং আগামী তিন দিন বৃষ্টির দাপট আরও বাড়বে। অবিরাম বর্ষণে জনজীবন ব্যাহত হওয়ায় প্রশাসনের তরফে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

