বুধবার সকাল থেকে মুম্বইয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির জন্য মুম্বইয়ে ট্রেন ও বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। টানা বর্ষণে বড় রাস্তা হোক বা অলিগলি- প্রায় সর্বত্রই জল থইথই। বিপর্যস্ত রেল পরিষেবা। যোগাযোগ ব্যবস্থার অবস্থা তথৈবচ। তার মধ্যে মনোরেল বিপর্যয়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। সব মিলিয়ে দুই ট্রেন থেকে প্রায় ৮০০ জনকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। তবে এখনই আতঙ্ক কাটছে না মুম্বইয়ের। বুধবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা খুবই উদ্বেগের।