banganews.net

শহিদ দিবস পালন করতে দিল্লির রাজঘাটে NCPI সাংসদরা।  মঙ্গলবার দিল্লির রাজঘাটে ২১ জুলাই কর্মসূচি পালন করল এনসিপিআই। সদ্য তৃণমূল ছেড়ে যে বিদ্রোহী ২০ জন সাংসদ অখ্যাত এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁদেরই একাংশ ছিলেন ওই কর্মসূচিতে। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। শহিদ তর্পণ কর্মসূচির পরে কাকলি সংবাদমাধ্যমকে বলেন, ‘কে বা কারা কোথায় কী করেছে, তা আমার জানা নেই। আমরা এখানে শহিদ তর্পণ করলাম। শহিদদের স্মরণ করলাম।’ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত সরকারকেও বিঁধেছেন বারাসতের সাংসদ কাকলি। তিনি বলেন, ‘আগের সরকার যে ভাবে লুট করেছে, তারই ফলাফল পেয়েছে গত বিধানসভা ভোটে।’

কলকাতায় ২১ জুলাইয়ের তিনটি সমাবেশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের সভা তারামণ্ডলের কাছে। অন্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির সভার আয়োজন করেছে মেয়ো রোডে। আর কংগ্রেসের সভা শহিদ মিনারে। এনসিপিআই-ও আগে জানিয়েছিল, তারাও ২১ জুলাইয়ের সভা করবে। সেই মতোই দিল্লির রাজঘাটে স্মরণ সভার আয়োজন করা হয়।