banganews.net

হড়পা বান বিপর্যস্ত নেপাল ৷ এই দুর্যোগে এখনও পর্যন্ত পাণঁচশোরও বেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ প্রায় দুই হাজার মানুষ ৷ এই পরিস্থিতিতে নেপাল সরকার বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সহায়তার অনুমোদন দিয়েছে। বলেন্দ্র সরকার আগে জানিয়েছিল যে, তারা বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে অনুমতি দেবে না ৷ কিন্তু, এখন ভারত, চিন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের কাছ থেকে সীমিত সহায়তার অনুমতি দেবে নেপাল সরকার। এই দলগুলিকে সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা এবং মৃতদেহ শনাক্তকরণের জন্য মোতায়েন করা হবে। হড়পা বানে নেপালের 14টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সুড়ঙ্গে আটকা পড়া বহু মানুষের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তিনশোরও বেশি ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৷ জলবিদ্যুৎ প্রকল্প-সংশ্লিষ্ট 933 জন এবং 517 জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দলগুলি এখনও পর্যন্ত 4,451 জনকে নিরাপদে সরিয়ে এনেছে ৷ এর মধ্যে শুক্রবার একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে 191 জনকে এবং আকাশপথে 517 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও, এখনও পর্যন্ত 129 জন বিদেশি নাগরিককেও উদ্ধার করা হয়েছে।

ত্রিশুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় এবং হেলিকপ্টার ওড়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটায় উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।