banganews.net

নেপালের কোশি নদীতে হড়পা বানে মৃতের সংখ্য়া ক্রমশ বাড়ছে । ইতিমধ্য়ে প্রায় ৩৫৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন । নিখোঁজের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে । নিখোঁজ আছেন কমপক্ষে ১৩০০ জন পর্যটক । তার মধ্যে কমপক্ষে ২০০ জন ভারতীয় এবং ৯৩ জন নেপালের নাগরিক। বাকিরা ব্রিটেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস-সহ বিভিন্ন দেশের। তবে, পর্যটন বোর্ড স্পষ্ট জানিয়েছিল, এই সংখ্যাগুলি প্রাথমিক ৷ ট্রাভেল এজেন্সি, স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তা যাচাই করে নিশ্চিত করা হচ্ছে। পর্যটন বোর্ড আরও জানিয়েছে, নিখোঁজ কয়েকজন পর্যটকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ পরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছি ৷ নেপালে হড়পা বানে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদানে ভারত সরকার প্রস্তুত। উদ্ধার ও ত্রাণের বিষয়ে আমাদের দলগুলি নিবিড়ভাবে সমন্বয় করে চলেছে।”

সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী, হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নেপাল ও তিব্বতে 1300 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বন্যা ও কাদার বিধ্বংসী স্রোত বেশ কয়েকটি জনপদ ভাসিয়ে নিয়ে যাওয়ার পর নেপাল-চিন সীমান্তে নিখোঁজ শতাধিক মানুষের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।