বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ উঠেছিল নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পরেই তাঁর পদত্যাগের দাবিতেই পথে নেমেছিলেন অনেকে। সেই দাবির মুখে পদত্যাগ করলেন সুদান গুরুং। অভিযোগ, যাঁদের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে জড়িয়েছেন সুদান। এই নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। নিরপেক্ষ তদন্তের দাবিও ওঠে। শেষ পর্যন্ত বুধবার ইস্তফা দিয়েছেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই পদত্যাগ করেছেন তিনি। সুদানের দাবিস্বচ্ছ তদন্তের স্বার্থেই পদত্যাগ করেছেন তিনি। গত বছর সেপ্টেম্বর মাসে জেন-জ়ি বিক্ষোভে উত্তাল হয় নেপাল। এর জেরে ক্ষমতা হারায় তৎকালীন কেপি শর্মা ওলির সরকার। ওই আন্দোলনের অন্যতম মুখ এবং নেতা ছিলেন সুদান গুরুং । সেখানে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন করার কথাও বলেছিলেন সুদান। চলতি বছরের জানুয়ারি মাসেই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। মার্চ মাসেই নেপালে বিপুল ভোটে জিতে বলেন্দ্র শাহের নেতৃত্বে সরকার গঠন করে তারা।