বাড়ির পাশের পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ। বছর ৭০ এর বিপ্লব কুমার পাল, নেতাজীনগর থানার অন্তর্গত শ্রী কলোনীর বাসিন্দা। গত ১৩ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মৃতের ছেলে পলাশ পাল বাড়ির সামনে সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখেছেন। কিন্তু তারপরেও কোনোও হদিস পাওয়া যায় নি বলেই জানা যায়। এলাকার নিখোঁজ হওয়ার পোস্টারও দেওয়া হয়। প্রায় ১০ দিন পর শনিবার সন্ধ্যার পর থেকে বিপ্লব কুমারের বাড়ির লাগোয়া একটি পরিত্যক্ত দোকান থেকে গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। এরপর নেতাজীনগর থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার করে। কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে পরিবারের লোকের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। খুন নাকি অন্য কোনোও কারণ সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

