মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার চার দিনের মধ্যেই বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির কাজ শেষ। প্রশাসনিক সূত্রে খবর, শনিবার সেই ফাঁড়ি উদ্বোধন করতে পারেন তিনি। তিনি পুনরায় কথা বলতে পারেন নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে। মঙ্গলবার বারুইপুরে গিয়ে নাবালিকার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরে তিনিই জানিয়েছিলেন, নাবালিকার পরিবার চেয়েছে, সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট তৈরি করা হোক। তার ভিত্তিতেই এক সপ্তাহের মধ্যে ফাঁড়ি তৈরির ঘোষণা করেছিলেন শুভেন্দু। জানিয়েছিলেন, এর পরে তিনিই বারুইপুরে এসে ফাঁড়ি উদ্বোধন করবেন। প্রয়োজনে বাড়ি ভাড়া নিয়েও ফাঁড়ি গড়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই তৎপর হয়ে জমি খোঁজা শুরু করে পুলিশ। অবশেষে শনিবার সেই ফাঁড়ি উদ্বোধন হতে পারে বলে জানা গেল। পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বারুইপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

