রাত পোহালেই বাংলায় গণতন্ত্রের উৎসব। রাজ্যের প্রথম দফার ভোট। তার প্রাক্কালেই বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন নুসরত জাহান(Nusrat Jahan)। সোমবারই ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। সেই প্রেক্ষিতেই বুধ সকালে নির্ধারিত সময়ে কলকাতার ইডি দপ্তরে পৌঁছলেন নুসরত জাহান। এদিন সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরত। সঙ্গে রয়েছেন যশও। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। চোখেমুখে একরাশ চিন্তা। গাড়ি থেকে নেমেই সোজা ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা গেল অভিনেত্রীকে। প্রথমটায় জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে! তবে তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে।