কলকাতাঃ নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে সমস্ত জল্পনার অবসান। সামনে এল সদ্যজাত ঈশানের বাবার নাম। নুসরত জাহানের সন্তানের পিতার নাম দেবাশিস দাশগুপ্ত। দেবাশিস দাশগুপ্তের পোশাকি নাম যশ দাশগুপ্ত। প্রসঙ্গত, ২০২১ নির্বাচনে চণ্ডীতলা থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নির্বাচনী হলফনামায় নিজের দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। পুরসভার বার্থ সার্টিফিকেটের নথিতে নুসরতের সন্তানের নাম লেখা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। মায়ের নাম নুসরত জাহান রুহি। বাড়ির ঠিকানা হিসাবে সোনারপুর উত্তরের ঠিকানা দেওয়া হয়েছে। নুসরতের ছেলে ঈশানের জন্মের সার্টিফিকেটে ছাপার অক্ষরে বাবা হিসাবে দেবাশিস দাশগুপ্ত অর্থাত্ যশের নাম, সম্পর্কে সিলমোহর দিল। কাজেই নুসরত সিঙ্গল মাদার কি না, তা নিয়ে জল্পনার ইতি ঘটল। গত শুক্রবার পুরসভায় কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান যশ-নুসরত। তখনই খবর হয় যে, সিঙ্গল মাদার হওয়ার জন্য বার্থ সার্টিফিকেটে কীভাবে আবেদন করতে হবে, তাই নিয়ে খোঁজখবর করেন দুজনে। আজ পুরসভার সার্টিফিকেটে দেখা গেল আসলে সন্তানের অভিভাবক হিসাবে রয়েছে দুজনেরই নাম। ঈশানের জন্মের ১২ দিনের মাথাতেই কাজে ফেরেন নুসরত। একটি পার্লারের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘বাবাই জানেন বাবা কে? তিনি আরও জানান, যশকে সঙ্গে নিয়ে তিনি দারুণ অভিভাবকত্ব উপভোগ করছেন। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্ত ‘চিনেবাদাম’ ছবির শুটিংয়ে জানান, ‘আমি ও নুসরত দুজনে মিলেই ছেলের নাম রেখেছি ঈশান। ওর ডাকনাম অংশ।’


