১৩ কোটির সাপের বিষ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। ধৃতের নাম সেলিম আখতার মণ্ডল, সে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। শুক্রবার সকালে জলপাইগুড়ির ৭৩ মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে সাপের বিষ ভর্তি ৩টি ফ্রান্সের জার উদ্ধার হয়েছে। জারগুলি পরীক্ষার জন্য হায়দরাবাদের গবেষণাগারে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর। জার বন্দি সাপের বিষ জলপাইগুড়ি হয়ে চিনে পাচার করা হচ্ছে, এমন খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মীরা এদিন অভিযান চালান। জলপাইগুড়ির ৭৩ মোড় সংলগ্ন এলাকা থেকে সাপের বিষ সহ সেলিম আখতার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। অপর ২ পাচারকারী পালিয়ে যায়। এদিনই ধৃতকে জলপাইগুড়ি সিজেএম আদালতে তোলা হয়। বিচারক তার ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

