বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করার কাজ শুরু হল। সোমবার বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে এবিষয়ে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ১০ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগে ভর্তির জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে অনলাইনে বিশ্বভারতীতে ভর্তির জন্য আবেদন করা যাবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এম-ফিল, পিএইচডি, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য আবেদনের কাজ সোমবার থেকেই শুরু হয়ে গেল। কর্তৃপক্ষের তরফে আবেদনকারীদের ফর্ম ফিলআপ করার সময় অত্যন্ত সতর্ক থাকার কথা বলে দেওয়া হয়েছে। কোনওরকম ভুল হলে সেই আবেদন গৃহীত হবে না। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই আবেদন করার পাশাপাশি ভর্তির জন্য ফি অনলাইনেই নেওয়া হবে।

