এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ! ঘটনাস্থল আবারও সেই উত্তর 24 পরগনা। এবার এসআইআরের শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল বছর ৬৩-র এক প্রৌঢ়ার। মৃতার নাম রত্না চক্রবর্তী। পরিবারের দাবি, মঙ্গলবার এসআইআর শুনানিতে ব‍্যারাকপুর 1 নম্বর বিডিও অফিসে গিয়েছিলেন প্রৌঢ়া। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুকে ব‍্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে কল‍্যাণীর গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান প্রৌঢ়া। এসআইআর শুনানিতে ডাক পাওয়ার আতঙ্কেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলেই মনে করছেন তাঁর পরিবারের লোকজন। সাংসদ পার্থ ভৌমিকের নৈহাটি বিধানসভা এলাকার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার পরেই হাসপাতালে গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানান ব‍্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে-সহ অন‍্যান‍্যরা। জানা গিয়েছে, নৈহাটি বিধানসভার অন্তর্গত জেটিয়ার নান্না এলাকায় বাড়ি বৃদ্ধা রত্না চক্রবর্তীর। পরিবারে ছেলে,বউমা ছাড়াও বৃদ্ধার এক নাতনি রয়েছে। স্বামীর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তাঁর রেলের চাকরি পান রত্নাদেবী। বছর তিনেক আগে সেই চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি। এসআইআরের শুনানি-পর্বে সম্প্রতি নির্বাচন কমিশনের শুনানি-নোটিশ আসে বৃদ্ধার কাছে। পরিবার সূত্রে খবর, তাতে স্পষ্টভাবে বলা ছিল, 2002 সালের সংশোধিত ভোটার তালিকার কোনও তথ্য না-থাকায় তাঁকে শুনানি কেন্দ্রে গিয়ে হাজিরা দিতে হবে।সেই শুনানিতে কমিশনের তরফে পর্যাপ্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছিল বৃদ্ধাকে। সেই মতো এদিন দুপুরে পানপুরে বিডিও অফিসে শুনানিতে হাজিরা দেন রত্নাদেবী। সঙ্গে ছিলেন পরিবারের লোকজনও। সেখানে যাওয়ার পরেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন বলে দাবি পরিবারের। শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি প্রৌঢ়াকে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধাকে। এই বিষয়ে মৃত বৃদ্ধার আত্মীয় অভিজিৎ চক্রবর্তী বলেন, “2002 সালের সংশোধিত ভোটার তালিকায় নাম না-থাকলেও কমিশনের কাছে উপযুক্ত নথি জমা দিয়েছিলেন প্রৌঢ়া। তার পরেও বৃদ্ধার বাড়িতে শুনানির নোটিশ এসে পৌঁছয় নির্বাচন কমিশনের। শুধু ওই বৃদ্ধারই নয়! তাঁর অসুস্থ ছেলেকেও এসআইআরের নোটিশ ধরানো হয়েছে। ছেলে মঙ্গলবার শুনানি কেন্দ্রে হাজিরা দিতে না-পারলেও নিয়ম মেনে এদিন অবশ্য শুনানি কেন্দ্রে হাজির হয়েছিলেন প্রৌঢ়া। সেখানেই ঘটে এই ঘটনা। এর জন্য এসআইআর আতঙ্কই দায়ী।”