অবশেষে অমর্ত্য সেনের শুনানি নিয়ে সুর নরম নির্বাচন কমিশনের ৷ বানান ভুলের জন্য নোবেলজয়ীকে শুনানি কেন্দ্রে যোগদানের প্রয়োজন নেই ৷ মঙ্গলবার এমনটাই জানাল কমিশন ৷ নির্বাচন কমিশনের এক আধিকারিক স্পষ্ট করে জানিয়েছেন যে, ভোটার তালিকায় নামের বানানে অসঙ্গতির জন্য কমিশনের তরফে তলব করা হয়েছিল নোবেলজয়ী অমর্ত্য সেনকে ৷ তাঁকে শুনানির জন্য উপস্থিত হওয়ার প্রয়োজন নেই ৷ তিনি জানান, যেহেতু বুথ লেভেল অফিসারদের (বিএলও) ভোটারদের নামের বানান ভুল-সহ ছোটখাটো ভুল সংশোধন করার ক্ষমতা রয়েছে, তাই অর্থনীতিবিদের ক্ষেত্রে সংশোধন স্থানীয় পর্যায়ে প্রশাসনিকভাবে পরিচালিত হবে । তাঁর কথায়, “বানান নিয়ে বিভ্রান্তি সম্পূর্ণরূপে প্রযুক্তিগত এবং ভোটারের যোগ্যতার উপর এর কোনও প্রভাব নেই । অপ্রয়োজনীয় বিতর্ক বন্ধের জন্য আমাদের আধিকারিকদের প্রশাসনিক স্তরে এই ধরনের বিষয়গুলি সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে ৷” তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দাবি করেছিলেন যে, অমর্ত্য সেনকে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি SIR শুনানির নোটিশ দেওয়া হয়েছে । যদিও নোবেলজয়ীর পরিবারের এক সদস্য সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে তাঁরা এখনও কমিশনের তরফ থেকে কোনও শুনানির নোটিশ পাননি । কমিশন জোর দিয়ে বলেছে যে, ভোটারদের নামের ছোটখাটো ভুল শুনানি প্রক্রিয়া বা ভোটারের অধিকারকে প্রভাবিত করে না ৷ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যে, এই ধরনের প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে জনসাধারণের মধ্যে যাতে বিতর্ক তৈরি না হয় সেই দিকে নজর রাখতে হবে ।


