বাদল অধিবেশনের শেষ দিনে ভয়ঙ্কর ঘটনা সংসদ চত্বরে। জানা গিয়েছে, সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ে এক ব্যক্তি। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে নিরাপত্তা রক্ষীরা আটক করেছেন বলে খবর। এই ঘটনায় ফের সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবার ভোর ৬টে ৩০মিনিট নাগাদ রেল ভবনের দিক থেকে গাছ বেয়ে পাঁচিলে উঠে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে নয়া সংসদ ভবনের গরুড় দ্বার পর্যন্ত পৌঁছে যান তিনি। সে সময়েই নিরাপত্তা রক্ষীদের চোখ পড়ে তাঁর দিকে। সঙ্গে সঙ্গে আটক করা হয় অনুপ্রবেশকারীকে। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ জানিয়েছে, সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তাঁদের নিজস্ব জিজ্ঞাসাবাদ শেষ করার পর অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেবে।

