ফের চলন্ত ট্রেনে চুরি ৷ এবার ঘটনাস্থল বিহার ৷ গয়া-ডিডিইউ রেল সেকশনের রফিগঞ্জ পোস্টের আওতাধীন পারাইয়া-কাশ্তা স্টেশনের মধ্যে ট্রেনে থাকা বহু যাত্রীদের মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রেল সূত্রে খবর, রবিবার রাত 1টা 5 মিনিটে আনন্দ বিহার ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে । সে সময় দুরন্ত এক্সপ্রেস নয়াদিল্লির আনন্দ বিহার থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। অভিযোগ, গয়ার পারাইয়া-কাশ্তা স্টেশনের মধ্যে ওই ট্রেনে চারটি বগিতে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায়। এরপর দুষ্কৃতীরা জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগী যাত্রীরা আরপিএফ রফিগঞ্জকে এই ঘটনা সম্পর্কে অভিযোগ করেন । তারপরেই তদন্তে নামে রেল পুলিশ ৷ অপরাধীদের দলে কতজন দুষ্কৃতী ছিল সেই সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি । তবে আনন্দ বিহার ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের চারটি কোচে চুরির ঘটনার পর আরপিএফ রফিগঞ্জ এবং রেলওয়ে স্টেশন গয়া যৌথভাবে অভিযান চালাচ্ছে ৷ এই ঘটনায় ইতিমধ্যে চার থেকে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ ওই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ।এই বিষয়ে আরপিএফ রফিগঞ্জের ইন্সপেক্টর রাম সুমের বলেন, “আনন্দ বিহার ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস ট্রেনের চারটি কোচে চুরির অভিযোগ পাওয়া গিয়েছে । এখন পর্যন্ত মোট পাঁচটি অভিযোগ জমা পড়েছে আমাদের কাছে । পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে । শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে ।” উল্লেখ্য, কয়েকদিন আগেই ব্রহ্মপুত্র এক্সপ্রেসে যাত্রীদের মোবাইল-সহ একাধিক সামগ্রী চুরির অভিযোগ ওঠে ৷ এনজেপি স্টেশনে গিয়ে চুরির ঘটনা টের পান যাত্রীরা ৷ স্বনামধন্য এক ভ্লগার তথা ইউটিউবার কণিকা দেবরানি সোশাল মিডিয়ায় চুরির ঘটনাটি জানান । এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷

