ছাত্র বিক্ষোভে ঝাড়খণ্ডের পর এবার উত্তাল বিহার ৷ সরকারি চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে বাংলার প্রতিবেশী রাজ্য ৷ বিক্ষোভরত পড়ুয়াদের আটকাতে জলকামান ব্যবহার করে পুলিশ । বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (বিপিএসসি) বাতিলের দাবি নিয়ে বেশ ক’য়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও করেছেন তাঁরা। এদিন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির বাসভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় ৷ সেইমতো মিছিল পটনার গান্ধি ময়দান থেকে শুরু করে ডাক বাংলো ক্রসিং-এ পৌঁছলে পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করে পুলিশ ৷ আজ মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানে যোগ দেওয়া ছাত্রছাত্রীরা হাতে তেরঙা পতাকা নিয়ে এগোতে শুরু করেন ৷ ডাক বাংলো ক্রসিং-এ আসতেই পুলিশের সঙ্গে ছাত্রদের ধস্তাধস্তি শুরু হয় ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলে। পাল্টা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ ৷ পিছু না-হটে তাঁরা পাল্টা ‘রেইন ড্যান্স’ (বৃষ্টির মধ্যে নাচ) শুরু করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় পটনা ।

