নয়াদিল্লিঃ পুরীর রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পুনর্বিবেচনার আর্জি জানালেন বিজেপি নেতা সম্বিত পাত্র । শীর্ষ আদালতে পেশ করা তাঁঁর আর্জির ছবি টুইটারে পোস্ট করেন সম্বিত । এই মর্মে আজ শুনানি। টুইটারে বিজেপি নেতা সম্বিত পাত্র লেখেন, ২৩ জুন পুরীর রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি । সম্বিতের পাশাপাশি আরও ১৭ টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে । প্রত্যেকে পুরীর রথযাত্রা স্থগিতের নির্দেশিকার পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন । সম্বিত পাত্র বলেন, “ওড়িয়াদের কাছে রথযাত্রা শুধু একটি উৎসব নয়। এটা ওড়িয়াদের কাছে জীবন। রথযাত্রা ছাড়া আমরা কী ? আশা করি, জগন্নাথের আশীর্বাদ পাব। সোমবার আমি অনশনে বসব। এবং পুরীর প্রত্যেককেও একই অনুরোধ করব যাতে আমরা সুপ্রিম কোর্টে জিততে পারি।” ভক্তদের জমায়েত ছাড়া রথযাত্রার আবেদন জানিয়েছেন তিনি।