কয়েক দিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাংবাদিক বৈঠক করে ৫০ হাজার কোটি টাকার গরিব কল্যাণ রোজগার যোজনা ঘোষণা করেছিলেন। কিন্তু তাত্‍পর্যপূর্ণ হল, সেই প্রকল্প বাস্তবায়িত হবে ছ’টি রাজ্যের ১১৬ টি জেলায়। কিন্তু দেখা যায়, তাতে নাম নেই বাংলার কোনও জেলার। এবার তাই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। ওই চিঠিতে অধীরবাবু দাবি জানিয়েছেন, বাংলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হোক। লকডাউনে কাজ হারানো ভিন রাজ্যে থাকা শ্রমিক যাতে নিজের ঘরের কাছে রোজগারের সুযোগ পান তার জন্যই এই প্রকল্প। যে যে জেলায় ২৫ হাজার বা তার বেশি শ্রমিক ফিরেছেন, সেগুলিকেই এই তালিকায় রাখা হয়েছে। কিন্তু বাংলার কোনও জেলা না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বহরমপুরের সাংসদ।সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করেছেন। ৬ রাজ্যের ১১৬ টি জেলা এর অন্তর্ভুক্ত হয়েছে। এখানে পরিযায়ী শ্রমিকরা বছরে ১২৫ দিনের কাজ পাবে। সেখানে তিনি আরও বলেছেন, যে সব জেলায় পরিযায়ী শ্রমিক অন্তত ২৫ হাজার, সেইসব জেলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।অধীর চৌধুরী চিঠিতে উল্লেখ করেছেন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন লকডাউনের সময়। সেই সময় থেকে পরিযায়ীরা চাকরিহীন। কোনও আশার আলো দেখতে পাচ্ছেন না তাঁরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বড় সংখ্যায় পরিযায়ীরা থাকলেও, রাজ্যের কোনও জেলার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় তিনি অবাক হয়েছেন। পশ্চিমবঙ্গের যেসব জেলায় পরিযায়ীর সংখ্যা বেশি সেইসব জেলাকে গরিব কল্যাণ রোজগার যোজনার অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন অধীর।এদিন সকালে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর কথা স্মরণ করিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে অন্তত ১০ লক্ষ পরিযায়ী এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়ে তিনি বলেছেন, প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কর্মসূচির আওতায় বাংলাকে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।