হরমুজ প্রণালী দিয়ে ভারত এবং বিশ্বের অন্য দেশের জাহাজের অবাধ ও মুক্ত যাতায়াত কেন প্রয়োজন তা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন দুই নেতার মধ্যে পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় ৷ পরে সে কথা নিজেই সোশাল মিডিয়ায় জানান প্রধানমন্ত্রী ৷ আমেরিকা আর ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতার পর পরিস্থিতি কেমন তার বিস্তারিত বিবরণ মোদিকে দেন ইরানের প্রেসিডেন্ট ৷ এদিনের আলোচনায় আরও একবার প্রধানমন্ত্রী জানান, ভারত মনে করে সমস্ত সংঘাতের নিরসন আলোচনার মাধ্যমেই হতে পারে ৷ পাশাপাশি যুদ্ধ বন্ধ করত এখনও পর্যন্ত যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলির প্রশংসা করেন মোদি ৷

আলোচনার খবর জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হল ৷ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া আছে সেগুলিকে আমি স্বাগত জানিয়েছি ৷ পাশাপাশি এটাও জানিয়েছি, আমি আশা করি আলোচনার মাধ্যমে সামরিক সংঘাত শেষ করার উপায় পাওয়া যাবে ৷ একইসঙ্গে তাঁকে বুঝিয়েছি ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজের হরমুজ প্রণালী দিয়ে বিনা বাধায় যাতায়াত করতে পারা কতটা জরুরি ৷”

দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার ঠিক একদিন আগে আরও একটি ঘটনা ঘটে ৷ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল আতা হুসেন এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারেটাকে বেছে নিয়েছে মোদি সরকার ৷ জানা গিয়েছে, জুলাই মাসের 4 তারিখ থেকে টানা কয়েকদিনের বিশেষ অনুষ্ঠানের পর 9 তারিখ শেষকত্য হবে খামেনেইয়ের ৷ 28 ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চলায় আমেরিকা ও ইজরায়েল ৷ সেই হামলায় প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা ৷ ইসলাম ধর্মে সাধারণত মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হয় ৷ কিন্তু যুদ্ধের কারণে উপাচার পিছিয়ে দেওয়ার একাধিক নির্দশন পাওয়া যাবে ইতিহাসে ৷ সেই মতো বেশ কয়েক মাস পর শেষকৃত্য হচ্ছে বলে সোমবার জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷ দিন কয়েক আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুরোধ জানান ৷ তাঁর বদলে বিহারের রাজ্যপাল এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছে দিল্লি ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা হল মোদি ও পেজেশকিয়ানের ৷