পুনের সেরাম ইনস্টিটিউট থেকে রওনা হয়েছিল ভোর ৫টায়। একে একে ১৩টি শহরে পাড়ি দেওয়ার কথা। অবশেষে এ রাজ্যেও এসে পৌঁছল কোভিশিল্ড করোনা ভ্যাকসিন ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার সাত লক্ষ ডোজ নিয়ে কলকাতা বিমান বন্দরে নামল স্পাইস জেট। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ। বিমানবন্দরে আগে থেকেই রাখা ছিল ইনসুলেটেড ভ্যান। সেই শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে করেই বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হচ্ছে টিকা। সেখানে কড়া নিরাপত্তা রয়েছে। এই মেডিক্যাল স্টোর থেকে এর পর বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে সেগুলো। ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে সারা দেশে টিকাকরণ। প্রথমে টিকা পাবেন চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা। পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটাই সাত লক্ষ। এর পর সামনের সারির করোনা যোদ্ধারা টিকা পাবেন। যেমন, পুলিশ, পুরকর্মী, সাফাই কর্মী, সেনা। এর পর পাবেন ষাটোর্ধ্ব এবং পঞ্চাশোর্ধ্বরা।


