পশ্চিম এশিয়ার সঙ্কট এবং আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় ‘সেবা তীর্থ’-এ মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরশাহী (UAE), নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি— পাঁচ দেশে ছয় দিনের সফর শেষে এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷
সূত্রের খবর অনুযায়ী, এদিন বিকেল পাঁচটায় নির্ধারিত রয়েছে এই বৈঠক ৷ কেন্দ্রীয় মন্ত্রীরা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা এবং অন্যান্য প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন বৈঠকে ৷ এমন সময়ে এই বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী যখন পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’কে ঘিরে বিঘ্ন বা অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তীব্র আকার ধারণ করেছে ৷ মনে করা হচ্ছে, সুশাসন সংক্রান্ত বিষয়া, পশ্চিম এশিয়ার চলমান সঙ্কট, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং সম্ভাব্য রাজনৈতিক ঘটনাবলি নিয়ে বৈঠকে মূলত আলোচনা করা হবে ৷ এর আগে প্রধানমন্ত্রী মোদি দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যেন তাঁরা আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে, পরিবেশ-বান্ধব বিকল্প ব্যবস্থাগুলি গ্রহণ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বা সহনশীলতা বৃদ্ধিতে অবদান রাখা উচিত ৷ জ্বালানি সঙ্কটের বিষয়টি মাথায় রেখে তিনি জনগণকে গণপরিবহণ ব্যবহার করতেও আহ্বান জানিয়েছিলেন ৷ পাশাপাশি পণ্য পরিবহণের ক্ষেত্রে রেল ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া এবং যেখানে সম্ভব সেখানে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্যও তিনি আহ্বান জানিয়েছেন ৷ উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকেই সারা দেশজুড়ে জ্বালানির দাম সংশোধন করে তা বৃদ্ধি করা হয়েছে ৷ দিল্লিতে পেট্রলের দাম 87 পয়সা বেড়ে প্রতি লিটার 98.64 টাকায় দাঁড়িয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দাম 91 পয়সা বেড়ে প্রতি লিটার 91.58 টাকায় পৌঁছেছে ৷ মুম্বই, চেন্নাই ও কলকাতা-সহ দেশের প্রায় সব বড় শহরেই জ্বালানির দামে অনুরূপ বৃদ্ধির ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। গত 15 মে জ্বালানির দাম প্রতি লিটারে তিন টাকা বৃদ্ধির ঘটনার পর, এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে জ্বালানির মূল্যবৃদ্ধির এটি ছিল দ্বিতীয় ঘটনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে শুরু হওয়া বৈরিতার জেরে সৃষ্ট উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত চড়া বা ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে ৷

