কিরেন রিজিজুর হাত ধরে বিজেপিতে যোগদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গিয়ে দেখা করেছিলেন অলিম্পিক পদক জয়ী প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ৷ সেই সাক্ষাৎকারে দেশের প্রধানমন্ত্রী তাঁকে গুরুদায়িত্ব দিয়েছেন বলে জানালেন লিয়েন্ডার ৷ 2036 সালের অলিম্পিক যাতে ভারত আয়োজন করতে পারে, সেই দায়িত্ব তাঁর উপর বর্তেছেন মোদি ৷ এমনকি এর জন্য তাঁকে একটি দল গঠন করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ জন্মসূত্রে কলকাতার সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক অনেক পুরনো ৷ তাঁর মা জেনিফার পেজ ছিলেন একজন বাঙালি বাস্কেট বল খেলোয়াড় ৷ এমনকি ভারতীয় মহিলা বাস্কেট বল দলের নেতৃত্বও দিয়েছেন ৷ তাই বিজেপিতে যোগদানের পর, প্রথমেই নিজের মাতৃভূমি বাংলায় এসেছেন লিয়েন্ডার ৷ রাজ্যের ক্রীড়াক্ষেত্রের বেহাল দশা নিয়ে শনিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি ৷ সেখানেই প্রাক্তন টেনিস তারকা বলেন, “শেষ অলিম্পিক যেটা প্যারিসে হয়েছিল, সেখানে মেডেল ট্যালিতে প্রথম পাঁচটা দেশ ছিল, আমেরিকা, চিন, জাপান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ৷ এই পাঁচটা দেশ বিশ্ব অর্থনীতিতে প্রথম পাঁচে আছে ৷ আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 15 বছরে কঠিন পরিশ্রম করে ভারতকে বিশ্ব অর্থনীতিতে প্রথম চারের মধ্যে নিয়ে এসেছেন ৷ এটা অনেক বড় ব্যাপার ৷” এরপরেই তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদিজি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন ৷ সেটা আমি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল করতে চাই ৷ তা হল, যুবকল্যাণ ও ক্রীড়া উন্নয়ন ৷ সেই সঙ্গে 2036 সালের অলিম্পিক ভারতে নিয়ে আসার দায়িত্ব আমাকে দিয়েছেন মোদিজি ৷ আমাকে এর জন্য পরিশ্রম করতে হবে ৷ একটা দল গঠন করে অলিম্পিক আয়োজনের সম্মান দেশকে দিতে হবে ৷ মোদিজি-কে আমায় অলিম্পিক এনে দিতে হবে ৷” তবে, এর জন্য লিয়েন্ডারের পাখির চোখ গুজরাতের আমেদাবাদে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমস ৷ তিনি বলেন, “অলিম্পিক গেমস আনতে হলে, তার আগে গুজরাতে কমনওয়েল গেমসের জন্যও আমাকে পরিশ্রম করতে হবে ৷ আর আমি সেই পরিশ্রমটা করব ৷” উল্লেখ্য, পুরোপুরি খেলার মাঠের একজন ব্যক্তিত্ব হঠাৎ করেই রাজনীতির ময়দানে নামায় জোরচর্চা শুরু হয়েছিল ৷ তবে, রাজনীতির মাঠে নামার পর কীভাবে এগোবেন লিয়েন্ডার ? তিনি বললেন, “নতুন যে খেলার ময়দানে আমি নেমেছি, রাজনীতির খেলা ! এই রাজনীতি খেলা আমার জন্য নতুন, সেখানে আমি ক্লাস, সততা, প্যাশন, দেশভক্তি ও দেশবাসীর সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাব ৷”

